জামালপুরের বকশীগঞ্জে মাদকাসক্ত এক যুবক কর্তৃক নিজের বাবাকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্দ্রাবাজ এলাকার মো. গোলাম রব্বানীর ছেলে নাহিদ (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পাশাপাশি তিনি এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং বিভিন্ন সময় চুরির সঙ্গেও জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান। মাদক কেনার জন্য পরিবারের কাছে নিয়মিত টাকা দাবি করতেন। টাকা না পেলে বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও অশোভন আচরণ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাহিদ তার বাবার দোকান থেকে টাকা চুরি করে ইয়াবা সেবন করেন। পরে তার বাবা চুরি করা টাকার বিষয়ে জানতে চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নাহিদ ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বাবাকে উদ্ধার করেন এবং নাহিদকে আটক রেখে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত অনুসন্ধান করেন। ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামত সংগ্রহের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাহিদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


