দিনাজপুরের পার্বতীপুরে যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উদ্বুদ্ধ করা এবং ক্রীড়াচর্চার প্রসারে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, পার্বতীপুর পৌর কমিটির উদ্যোগে ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) পার্বতীপুর পৌরসভার বিভিন্ন খেলার মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, পার্বতীপুর পৌর কমিটির আহ্বায়ক কাজী মহিদুল ইসলাম মাসুদ এবং সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম। তাঁদের সার্বিক তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন ক্রীড়া দলের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
এ সময় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হলে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম আরও জোরদার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই সহায়ক নয়, বরং যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ক্রীড়াবান্ধব আদর্শকে ধারণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার প্রসার ঘটানোই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, যুব প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুবসমাজের মেধা ও প্রতিভা বিকাশে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ, প্রশিক্ষণ কর্মসূচি এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


