নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া এলাকার আক্কাস আলী (৫৮) এবং তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।
পুলিশ জানায়, সকালে কয়েকজন গরু ব্যবসায়ী নসিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে হাজিরহাট গ্যাসপাম্পসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপরদিকে তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ও কাচ ক্ষতিগ্রস্ত হলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।