মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা-য় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। “অগ্নিঝুঁকির একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে ভবেরচর ফায়ার সার্ভিস স্টেশন মিলনায়তনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর গজারিয়া স্টেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবেলায় জনসচেতনতা, দ্রুত সাড়া এবং পূর্বপ্রস্তুতিই মানুষের জানমাল রক্ষার প্রধান হাতিয়ার। ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধি করা গেলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সরকার ফায়ার সার্ভিসকে আরও আধুনিক ও দক্ষ বাহিনীতে রূপান্তর করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান এবং হাসান আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কমান্ডার ফিরোজ আলম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিস স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অগ্নি নিরাপত্তা, ভূমিকম্প ও বিভিন্ন দুর্যোগে করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অগ্নিকাণ্ড ও নানা দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, নিয়মিত মহড়া পরিচালনা এবং আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থার ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও শিল্পকারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।


