আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর জেলার বিরল থানার ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রাষ্ট্রীয় দায়িত্ব। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে আগত ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জরুরি অবস্থায় করণীয় এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


