ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলায় একযোগে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ১ হাজার ৭৮৫টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে প্রায় ২ লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার (২৮ জুন) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন হাসপাতাল চত্বরে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, শিশু রোগ বিশেষজ্ঞ ও ঝিনাইদহ ২৫ শয্যা শিশু হাসপাতালের পরিচালক ডা. আলী হাসান ফরিদ (জামিল), ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসফ ইকবাল মাখনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


