অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও পরিবারের অনুপ্রেরণায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চিত্রাঙ্কন বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী জারিন সুবহ্। জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেছে সে।

জারিন সুবহ্ সাতক্ষীরা সদর উপজেলার সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাবা নাজমুল আলমের চাকরির সুবাদে কয়েক বছর আগে পরিবারের সঙ্গে সাতক্ষীরায় আসে সে। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেই আগ্রহই ধীরে ধীরে পরিণত হয় স্বপ্নে।

তবে দেশসেরা হওয়ার পথটি মোটেও সহজ ছিল না। ২০২৪ ও ২০২৫ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চিত্রাঙ্কন বিভাগে অংশ নিয়ে জেলা পর্যায় থেকেই বাদ পড়ে জারিন। কিন্তু ব্যর্থতায় দমে যায়নি সে। বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে আরও বেশি অনুশীলন, মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে থাকে।

এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার চিত্রাঙ্কন বিভাগে জাতীয় পর্যায়ে অংশ নেয় জারিনসহ তিনজন প্রতিযোগী। সেখানে সবার সেরা হয়ে প্রথম স্থান অর্জন করে সাতক্ষীরার এই শিক্ষার্থী।

জারিন সুবহ্ বলেন, “ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি। প্রথম দিকে কয়েকবার ব্যর্থ হয়েছিলাম। তবে মা-বাবা ও শিক্ষকরা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। তাদের সহযোগিতা ও নিজের চেষ্টায় আজ দেশের হতে পেরেছি। ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করতে চাই।”

জারিনের বাবা নাজমুল আলম বলেন, “আমাদের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার খাসকরো গ্রামে। চাকরির সুবাদে সাতক্ষীরায় থাকা। দুই মেয়ের মধ্যে জারিন বড়। মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার নিজের প্রচেষ্টাই সবচেয়ে বড় বিষয়। আমরা শুধু তাকে সহযোগিতা করেছি। সে চিত্রাঙ্কনের পাশাপাশি পড়াশোনাতেও ভালো। আমরা চাই, সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক।”

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন করে। জারিন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”

সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর কৃপা চায় মণ্ডল বলেন, “সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেন। ফলে প্রতিবছরই এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে। কাব, গান, নাচ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনে তারা নিয়মিত পুরস্কার পাচ্ছে। এবার জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কনে জারিন সুবহ্ প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

চিত্রাঙ্কনের পাশাপাশি পড়াশোনাতেও সমান মনোযোগী জারিন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের জন্য কাজ করার স্বপ্ন দেখে সে। তার এই অর্জনে আনন্দিত ও গর্বিত পরিবার, শিক্ষক, সহপাঠীসহ সাতক্ষীরার মানুষ।