জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বহুল প্রত্যাশিত ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির নতুন হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় ডায়াবেটিস রোগীদের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ক্ষেতলাল পৌরসভার কাচারী বাজার ও থানা-সংলগ্ন এলাকায় এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিন্দা শাহী মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম। মোনাজাত শেষে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণের মাধ্যমে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচনের পর জেলা পরিষদের প্রশাসক সমিতির পুরোনো ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে নিজেও ডায়াবেটিস পরীক্ষা করাতে রক্তের নমুনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ, ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান, জয়পুরহাট জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর-এ-মওলা পলাশ, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও ক্ষেতলাল টেকনিক্যাল অ্যান্ড বি.এম. কলেজের অধ্যক্ষ আলী হাসান মুক্তার, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু,
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, ক্ষেতলাল পৌর জাসাসের আহ্বায়ক রুহুল আমীন শাহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আলিমুজ্জামান সেলিম, কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল খায়ের গোলাম মওলা, ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর সাংবাদিক আজিজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সমাজসেবক ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ক্ষেতলালে একটি আধুনিক ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। হাসপাতালটি চালু হলে স্থানীয় পর্যায়েই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে।
বর্তমানে ক্ষেতলাল ও আশপাশের উপজেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য জয়পুরহাট, বগুড়া, রাজশাহী কিংবা ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি সবই বাড়ে। নতুন হাসপাতালটি নির্মিত হলে শুধু ক্ষেতলাল নয়, পার্শ্ববর্তী এলাকার হাজারো রোগীও এর সুফল ভোগ করবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত হাসপাতাল ভবনের নির্মাণকাজ সম্পন্ন করে প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ নিশ্চিত করা হবে। হাসপাতালটি চালু হলে ক্ষেতলালের স্বাস্থ্যসেবায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে এবং দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ জনদাবি বাস্তবে রূপ নেবে।


