মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কড়াকড়ি নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন। তেল মজুত, সরবরাহ ও বিক্রিতে কোনো ধরনের অনিয়ম রোধে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় তারা জেএমআই ফিলিং স্টেশন, শাহ শের আলী সিএনজি ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন ও মুন সিএনজি পাম্প ঘুরে দেখে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে এমপি রতন পাম্প মালিক ও চালকদের সঙ্গে কথা বলেন এবং সরকারি নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজব ও অসচেতনতার কারণে কৃত্রিম সংকট তৈরি হয়। তাই কেউ যেন তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান জানান, জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রির হিসাব নিয়মিত তদারকি করা হবে। কোথাও অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় গজারিয়া থানার ওসি হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


