সারা দেশের ন্যায় গজারিয়া উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা। বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক, অনুপস্থিতির হারও তুলনামূলকভাবে কম দেখা গেছে।
উপজেলার চারটি কেন্দ্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভবেরচর কেন্দ্রে মোট ৮১০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮০৩ জন (বালক ৪০৩, বালিকা ৪০৭) এবং অনুপস্থিত ছিল বালক ৩ ও বালিকা ৬ জন। গজারিয়া কেন্দ্রে মোট ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল বালক ২১০ ও বালিকা ২৩৭ জন; অনুপস্থিত ছিল বালক ১ ও বালিকা ২ জন।
মাদ্রাসা কেন্দ্রে মোট ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল বালক ১০৪ ও বালিকা ১১০ জন; অনুপস্থিত ছিল বালক ৬ ও বালিকা ২ জন।
এছাড়া টেকনিক্যাল কেন্দ্রে মোট ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল বালক ১৩৭ ও বালিকা ৫৮ জন; অনুপস্থিত ছিল বালক ০ ও বালিকা ১ জন।
সার্বিকভাবে দেখা যায়, চারটি কেন্দ্রেই পরীক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক এবং পরীক্ষার পরিবেশ ছিল সুশৃঙ্খল ও নকলমুক্ত।
এ বিষয়ে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন বলেন, আমরা প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি নিশ্চিত করেছি। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছে। অনুপস্থিতির হার কম থাকাটা আমাদের জন্য ইতিবাচক বার্তা।”
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোথাও যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করছি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ টিম সার্বক্ষণিক তদারকি করছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের সম্মিলিত উদ্যোগে গজারিয়ায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


