বৃহস্পতিবার,২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই নারী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলাকালে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— কুমিল্লা জেলার বাসিন্দা পুষ্প আক্তার (২২) ও রোকেয়া আক্তার (২৩)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে ভাটেরচর নতুন রাস্তা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় আবাসিক ব্যবসার আড়ালে নারী দিয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ ছিল।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা বলেন, “উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে ভাটেরচর এলাকায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলা প্রশাসনের অভিযানে আটক দুই নারীকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। সমাজে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ এবং প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।”
স্থানীয় সচেতন মহল ভাটেরচর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন