সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানিনিষিদ্ধ আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) এবং চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (২৮ জুন) অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের তত্ত্বাবধানে এসআই নুর মিয়া ও সঙ্গীয় ফোর্স উপজেলার ধলাই ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে চোরাচালান কাজে ব্যবহৃত ভারতীয় আমদানিনিষিদ্ধ ১৫টি আইপিএস ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক তিন আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন— উপজেলার বরমসিদ্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আলাই মিয়া (৪৫), জাফর আলী ওরফে জাইফুর আলীর ছেলে রফিক মিয়া (৪২) এবং পূর্ব কালিবাড়ী গ্রামের গফুর মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, “সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে ভারতীয় আইপিএস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


