কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে অবস্থিত জনতা ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে প্রশাসন।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূযন চন্দ্র দাশ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে জনতা ফার্মেসী থেকে ৭৩ পিস মাদকদ্রব্য পেন্ডা, নগদ ১ লাখ ১৭ হাজার ২৩০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান, দোকানটিতে কোনো ধরনের বৈধ ওষুধ মজুদ ছিল না। বরং ওষুধের খালি বক্স সাজিয়ে রেখে আড়ালে মাদক বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মাহবুব (পিতা: আবুল বাশার), গ্রাম সুবর্ণপুর, উপজেলা সদর দক্ষিণকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর পদক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়।


