মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫৫) নামের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলা পাওয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ইয়াসিন আলী। পথে পাবনা-পাকশী বগা মিয়া সড়কের মন্ত্রীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন