বুধবার,২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরগঞ্জে রমজান মাস উপলক্ষ্যে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয়

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে শুরু হয়েছে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির কার্যক্রম । নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র আহ্বানে সাড়া দিয়ে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলা প্রাঙ্গণে এই কার্যক্রম শুরু হয়।
সোমবার বেলা ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাধারণ মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য মাজেদ বাবু। পর্যায়ক্রমে মাংসের পাশাপাশি লেবু, শশা, ডিম, দুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও সুলভ মূল্যে বিক্রির পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সকাল থেকেই ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ। বাজারের প্রচলিত চড়া মূল্যের চেয়ে অনেক কম দামে (ভর্তুকি মূল্যে) টাটকা ও মানসম্মত গরুর মাংস কিনতে পেরে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা জানান, বর্তমান বাজারে মাংস কেনা যেখানে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল, সেখানে এমপির এই ব্যক্তিগত উদ্যোগ তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনেছে।
জানা গেছে, এমপি মাজেদ বাবু নিজস্ব অর্থায়ন ও সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করছেন। তিনি নিজে উপস্থিত থেকে অনেক ক্ষেত্রে বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—রমজানে যেন এলাকার কোনো মানুষ আমিষের অভাব বোধ না করে এবং মধ্যবিত্ত পরিবারগুলোও যেন সম্মানের সাথে সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারে।
উদ্বোধনকালে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ​”আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। রমজান মাসে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমার এলাকার কোনো মানুষ যেন কষ্ট না পায়, সেই চেষ্টা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি। এটি আমার ব্যক্তিগত ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমার লক্ষ্য একটাই—একটি ‘ভালো ঈশ্বরগঞ্জ’ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষের মুখে হাসি থাকবে।”
উপজেলার সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, যদি সারা দেশের জনপ্রতিনিধিরা এভাবে এগিয়ে আসতেন, তবে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো। এটি কেবল একটি উদ্যোগ নয়, বরং ঈশ্বরগঞ্জের সম্প্রীতির রাজনীতির এক বলিষ্ঠ উদাহরণ।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, সহকারী কমিশনার ভূমি সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বাজার সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ হারুনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন