ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের পিছনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুক্তিযোদ্ধা মার্কেট সহ আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে মুক্তিযোদ্ধা মার্কেটের চলন কসমেটিকস সহ কয়েকটি দোকান এবং মার্কেটের পাশে হাসপাতাল রোড এলাকার ১টি হোটেল সহ ৩ টি লেপতোশকের দোকান পুড়ে ছাই।
ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দির নেতৃত্বে প্রথমে ঈশ্বরগঞ্জ, পরে গৌরীপুর ও নান্দাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
আগুনের ধোঁয়ার কুণ্ডলী দূর থেকে দেখা গেলে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অনেককে দোকান থেকে মালামাল সরিয়ে নিতে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে সহায়তা করতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগুন নেভানোর কাজ চলাকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী। পরিদর্শন শেষে তিনি জানান, অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধা মার্কেটের চলন কসমেটিকসসহ পাশের লেপতোশকের দোকান মিলিয়ে দোকানগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।


