রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অধ্যাপক আবদুল মজিদ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে কলেজের তিন বিভাগের ৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোতাহার হোসেনের সঞ্চালনায় এবং কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন এবং হাজী মজিবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন চৌধুরী আহমেদ বুশরা ও নাফিজ আহমেদ। তারা শিক্ষাজীবনের নানা স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করাই নয়, একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ, সময়ের যথাযথ ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। তিনি কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের তিন বিভাগের মোট ৯ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা জাকির হোসাইন বিদায়ী শিক্ষার্থী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করেন। আবেগঘন পরিবেশে বিদায়ী শিক্ষার্থীদের জন্য সকলের শুভকামনা ও সফলতার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা