সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) আসনের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার শপথ গ্রহণকে সামনে রেখে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট-৪ আসনের মাটি ও মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক রয়েছে। এই অঞ্চলের মানুষের আবেগ, অধিকার এবং উন্নয়নের সংগ্রামে তিনি সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ তাকে যেভাবে আপন করে নিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকার মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তায় নবনির্বাচিত এই সংসদ সদস্য উল্লেখ করেন, পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট-৪ অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় কেন্দ্র। এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
আরিফুল হক চৌধুরী বলেন, এই বিজয় শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়; এটি পুরো সিলেট বিভাগের জনগণের বিজয়। গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষে জনগণ যে রায় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্বের বিষয়।
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমি প্রতিজ্ঞা করে বলছি—আগামী এক বছরের মধ্যে এই আসনের মানুষ দৃশ্যমান উন্নয়নের চিত্র দেখতে পাবেন।


