মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ দিনাজপুরে মোবাইল ও স্টাইকিং ফোর্স হিসেবে ৪২ বিজিবি দায়িত্ব পালন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে দিনাজপুর জেলায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনী এলাকায় মোতায়েন হয়ে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মাঠে কাজ করছে।
এ লক্ষ্যে দিনাজপুর জেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে।
এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন ও কাহারোল উপজেলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়।
অপরদিকে বিরল উপজেলায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ জনকে সর্বমোট ২,৫০০ টাকা জরিমানা করেন।
বিজিবি সূত্র জানায়, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও প্রচলিত আইনের আলোকে বর্ডার গার্ড বাংলাদেশ তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ দায়িত্ব অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার রাত পৌনে ১২টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন