ঝিনাইদহে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেমব্রিজ একাডেমির সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
পরে স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব তারেক রেজাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও শহীদদের পরিবারের সদস্য, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও স্বজনরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঝিনাইদহে এক আবেগঘন ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন