আক্কেলপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ, সেবায় খুশি সাধারণ মানুষ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সন্তোষের পরিবেশ লক্ষ্য করা যায়।
এ কর্মসূচিতে চিকিৎসাসেবা প্রদান করেন আক্কেলপুর পৌর শাখা জামায়াতের সেক্রেটারি এবং আক্কেলপুর পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী পল্লী চিকিৎসক মো. ডা. রিপন হোসেন। তিনি আগত রোগীদের আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বায়তুলমাল সেক্রেটারি আরাফাত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান চাঁন, ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও কাউন্সিলর পদপ্রার্থী হোসেন আলী, ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ, পৌর জামায়াতের রুকন আবু রায়হানসহ ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনেকেই বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
একজন প্রবীণ ব্যক্তি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই আলোর পরশ আরও ছড়িয়ে পড়ুক। আমরা দোয়া করি, আল্লাহ যেন এ ধরনের মানবিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের উত্তম প্রতিদান দান করেন এবং সমাজে কল্যাণকর কাজ করার তাওফিক বৃদ্ধি করে দেন।”
স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত, যা সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন