আসন্ন এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে গজারিয়া উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পরীক্ষা পরিচালনায় ২০ দফা গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রের দায়িত্ব বণ্টন, কেন্দ্র কমিটি গঠন এবং পরীক্ষা পরিচালনার সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়।
উক্ত সভায় সিদ্ধান্ত হয়, পরীক্ষাকেন্দ্রে বহিরাগত ও অপ্রয়োজনীয় ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গঠন করা হবে ভিজিল্যান্স টিম, বাড়ানো হবে প্রশাসনিক ও পুলিশি নজরদারি। OMR শিট বিতরণ ও সংরক্ষণ, কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালন এবং কেন্দ্র ব্যবস্থাপনায় শিক্ষা বোর্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।
সভায় জানানো হয়, পরীক্ষা চলাকালে কোনো ধরনের নকল, অসদুপায়, গাফিলতি কিংবা বিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যুৎ, চিকিৎসা, ডাকযোগাযোগ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট এই জাতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে গজারিয়ায় একটি সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা হবে।

