“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা।
আলোচনা সভায় বক্তারা তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তরুণ সমাজকে এ আসক্তি থেকে রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম বলেন, তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে এ আসক্তির কবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা বিশ্ব তামাকমুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।


