দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলমান একটি আলোচিত মামলায় অবশেষে আদালতে হাজির হয়েছিলেন পাবনা কোর্ট ইন্সপেক্টর সেলিম রেজা চৌধুরী (চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সাবেক ওসি) ও তার বড় ভাই মো. আব্দুল হাই চৌধুরী।
মঙ্গলবার (২৩ জুন) সিরাজগঞ্জের আদালতে হাজির হওয়ার পর আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে মামলার বাদী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সালমা খাতুন বলছেন, তিনি শুধু ন্যায়বিচার চান।
মামলা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খোলসী গ্রামের মো. আব্দুর রউফের মেয়ে মোছা. সালমা খাতুন ২০২৩ সালে সাবেক ওসি সেলিম রেজা চৌধুরী ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভয়ভীতি প্রদর্শন, জখম, শ্লীলতাহানি এবং বিভিন্ন কাগজপত্রে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ আনা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, সিরাজগঞ্জ আদালতে একটি মামলার খোঁজখবর নিয়ে ফেরার পথে তাকে ও তার মাকে পথরোধ করে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হলে তার ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করা হয়। পরে বিষয়টি আদালতের নজরে আনা হলে মামলাটি বিভিন্ন সংস্থার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়।
দীর্ঘ সময় পর মঙ্গলবার (২৩ জুন) মামলার দুই আসামি আদালতে হাজির হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের এ কার্যক্রমকে কেন্দ্র করে মামলাটি আবারও আলোচনায় এসেছে।
এবিষয়ে ভুক্তভোগী নারী সালমা খাতুন বলেন, আমার সাথে যে অন্যায় হয়েছে, আমি এর বিচার চাই। সে পুলিশের ওসি হওয়ায় এই মামলা করতেই আমার অনেক সময় লেগেছে৷ অবশেষে আজকে আসামিরা আদালতে হাজির হয়েছিলেন৷ তারা তো জামিন পেয়েছেন। আমি শুধু ন্যায় বিচার চাই।
সালমা খাতুনের আইনজীবী অ্যাডভোকেট মো. সেলিম বলেন, আজকেই প্রথম এই মামলায় আসামিরা আদালতে হাজির হয়েছিলেন৷ এটা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় তদন্ত হয়েছে। ম্যাজিস্ট্রেট অর্ধেক সত্যতা পেয়ে রিপোর্ট দিয়েছে। এটা জামিনযোগ্য, তাই আসামিরা জামিন পেয়েছে।

