করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ১০তলা সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস এবং মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক এবং আগ্রহী দর্শনার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ফল চাষ কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক মর্জিনা আক্তারসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা প্রদর্শিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল সম্পর্কে খোঁজখবর নেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকরা জানান, জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক এবং কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন জাতের ফল ও ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন।
ফল উৎপাদনে উদ্বুদ্ধ করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

