হামের টিকা সংকট ও শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল হামের টিকা সংকট ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করেছেন।

আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলা (এমআর) টিকা যথাসময়ে আমদানি ও সরবরাহে ব্যর্থতার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। এর ফলে বহু শিশু আক্রান্ত হয় এবং বেশ কয়েকজন শিশুর মৃত্যু ঘটে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে জনস্বাস্থ্য খাতে সংকট সৃষ্টি হয়েছে, যা শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

আদালত মামলার আবেদন গ্রহণ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় আদেশ দেবেন বলে জানা গেছে।

এদিকে, বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন