মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদক ছাড়ুন, সুস্থ থাকুন” স্লোগানকে সামনে রেখে রবিবার (১৮ মে ) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে “মাদককে না বলুন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান খান, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী, গজারিয়া থানা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক শফিক ঢালী এবং প্রেসক্লাব সভাপতি নেয়ামুল হক নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,“আমাদের সন্তানদের প্রতি পরিবারকে আরও সচেতন হতে হবে, যাতে তারা কোনোভাবেই মাদকের প্রতি আসক্ত না হয়। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্র, সমাজ ও পরিবার সম্মিলিতভাবে কাজ করলে মাদকের ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন,“যে পরিবারের একজন সদস্য মাদকাসক্ত, সেই পরিবারের কষ্ট অন্য কেউ উপলব্ধি করতে পারে না। বর্তমানে যুব সমাজের মধ্যে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে, যা দেশের জন্য বড় হুমকি। মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে।”
সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র একযোগে কাজ করলে মাদকের আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব হবে।


