দেশজুড়ে হাম, রুবেলা ও ডেঙ্গুর প্রকোপ যখন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, ঠিক সেই সময় জনস্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে মানবিক ও সময়োপযোগী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কো.। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমকে জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হাম, রুবেলা, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশু থেকে বৃদ্ধ—কেউই এ ঝুঁকির বাইরে নয়। এমন পরিস্থিতিতে শুধু চিকিৎসাসেবা নিশ্চিত করাই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যাপক জনসচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। এই বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কো.।
CSR কার্যক্রমের আওতায় ফিনিস ব্র্যান্ডের পক্ষ থেকে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাইজিন ও ক্লিনিং সামগ্রী সরবরাহ করা হয়। পাশাপাশি হাম, রুবেলা ও ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যসমৃদ্ধ সচেতনতামূলক বোর্ড স্থাপন করা হয়। এসব উদ্যোগ রোগী, স্বজন ও দর্শনার্থীদের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মোসা. নুরজাহান সোলইমান আজানী, সম্মানিত ম্যানেজিং পার্টনার আদিবা আজাদী, হাসপাতালের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইফতেখার রহমান এবং অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হাসপাতাল পরিবেশ শুধু রোগ প্রতিরোধেই নয়, রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর অবদান রাখবে।
সংশ্লিষ্টরা মনে করেন, বর্তমান সময়ে কর্পোরেট প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু ব্যবসায়িক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কো.-এর এই উদ্যোগ সেই দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল উদাহরণ।
জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। মানবিক এই উদ্যোগ স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও মত দেন উপস্থিত অতিথিরা।


