কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় কুলিয়ারচর বাজারে অবস্থিত শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদত হোসেন শাহ আলম, পৌর বিএনপির ১ নং সদস্য মোহাম্মদ সাইয়ুম সিদ্দিকী, পৌর কর মেলার আহবায়ক ও প্রাথমিক শিক্ষা অফিসার মোঃমাসুদুর রহমান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, পৌরসভা কর আদায়কারী শাহজাহান মিয়া, সহকারি কর আদায়কারি নয়ন বর্মন, হিসাব রক্ষক কর্মকর্তা বিধান চন্দ্র দাস সহ পৌর কর্মকর্তা বৃন্দ।
পৌরসভা সূত্রে জানা গেছে, নাগরিক সেবা উন্নত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত কর প্রদানের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যেই পৌরবাসীকে দীর্ঘদিনের বকেয়া কর পরিশোধে উৎসাহিত করতে এবং সহজ ও ঝামেলামুক্ত সেবা দিতে এই মেলার আয়োজন করা হয়। মেলায় করদাতাদের জন্য বিশেষ সুবিধাও রাখা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে সংশ্লিষ্টরা বলেন, “পৌরসভার উন্নয়নই নাগরিক জীবনের উন্নয়ন নিশ্চিত করে। তাই সময়মতো কর প্রদান করে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।”
উল্লেখ্য, পৌরবাসীর সুবিধার্থে আয়োজিত এই কর মেলা এক সপ্তাহব্যাপী চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে মেলায় এসে বকেয়া কর পরিশোধের আহ্বান জানিয়েছেন।


