বুধবার,২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ লক্ষ টাকার সেতু সংযোগ সড়ক না থাকায় জনদুর্ভোগে চার গ্রামের মানুষ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কুঁড়া খালের উপর ৬ লক্ষাধিক টাকায় নির্মিত সেতুটি সংযোগ সড়ক না থাকায় ২৩ বছরেও জনগণের কোন কাজে আসছে না। সরকারি অর্থ ব্যয়ে কি কারণে সেতুটি নির্মিত করা হয়েছিল জনমনে এমন প্রশ্ন।
জানা যায়, সেতুটি মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের চার গ্রামের মানুষ চলাচলের জন্য নির্মিত হলেও দুপাশের সংযোগ সড়ক না থাকায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন এ অঞ্চলের মানুষ।
স্থানীয় এলাকাবাসী জানায় মাইজবাগ ও মগটুলা ইউনিয়নের বানাশ্রম, চরশংকর, ভাসা ও বটতলা গ্রামকে সংযুক্ত করতে ২০০৩ সালের ১৮ জুলাই প্রায় ৬ লাখ ৪২ হাজার ৪০০ টাকা ব্যয়ে ২০ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণ করা হয়। তবে সেতু নির্মাণের এত বছর পরও দুই প্রান্তে কোনো সংযোগ সড়ক না থাকায় এর সুফল থেকে বঞ্চিত এলাকাবাসী। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেরাই মাটি ও বালুর বস্তা ফেলে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করেছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
এ সেতুর ওপর নির্ভর করে প্রতিদিন আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করে। বানাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধীতপুর উচ্চ বিদ্যালয় ও মাইজবাগ পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত এই পথ ব্যবহার করে থাকে। সংযোগ সড়ক না থাকায় তাদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প রাস্তা হিসেবে কয়েক কিলোমিটার পথ ঘুরে নতুন বাজার হয়ে যাতায়াত করতে হয় তাদের।
বানাশ্রম গ্রামের কৃষক ইদ্রিস মিয়া বলেন, “সকাল-বিকাল এই পথ দিয়ে কর্মমট বাজারে যেতে হয়। কিন্তু সেতুর দুই পাশে রাস্তা না থাকায় ওঠানামা করতে খুব কষ্ট হয়। পা ফসকে পড়ে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বর্ষায় দুর্ভোগ আরও বাড়বে।” দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান তিনি।
এদিকে সেতুটি নির্মাণের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, “সাধারণত কাঁচা রাস্তায় এলজিইডি ব্রিজ নির্মাণ করে না। এটি কীভাবে হয়েছে, সে বিষয়ে আমার জানা নেই। তবে কেউ উদ্যোগ নিলে সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”
দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সেতুকে কার্যকর করতে ভুক্তভোগী এলাকাবাসীরা দ্রুত এই সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন