মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদাবাজির অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজার হাটের ইজারা আদায়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা’ দাবি করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হাট ইজারাদার সেলিম রেজার সমর্থকরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় ভবের বাজার–পার্বতীপুর-দিনাজপুর সড়কে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী ইজারার টাকা আদায়কে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজি হিসেবে প্রচার করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরে হাটের ইজারা পান সেলিম রেজা। হাটে ব্যবসায়ীদের কাছ থেকে ১০ থেকে ২০ টাকা হারে ফি নির্ধারণ করা হয়। তবে ‘নয়ন’ নামে এক ব্যবসায়ী এই ফি দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি কেন্দ্র করে নয়ন ও তার সমর্থকরা চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এর প্রতিবাদে পাল্টা কর্মসূচি হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেন সেলিম রেজার সমর্থকরা। এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশীদ সংগ্রাম, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল ইজারা আদায়ের স্বাভাবিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন