মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, সরবরাহ ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট পেট্রোল পাম্প তদারকির দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি এবং অনিয়ম প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত পরিদর্শন করে তেলের মজুদ, ডিপো থেকে সরবরাহ, সংরক্ষণ ও বিক্রির তথ্য যাচাই করবেন। পাশাপাশি ‘ডিপস্টিক/ডিপ রড’ পদ্ধতিতে ট্যাংকের মজুদ পরিমাপ, ডিসপেন্সিং মেশিনের পরিমাপ সঠিক আছে কি না এবং অনুমোদিত লে-আউট অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না তাও তদারকি করবেন।
অফিস আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলো হলো, ডা. মো. রিজান মোল্লা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জে এম আই ফিলিং স্টেশন, আনারপুর। মো. সাইফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শাহ শেয়ার আলী ফিলিং স্টেশন, বালুয়াকান্দি।মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, ফিদা ফিলিং স্টেশন, ভবেরচর। আমান উল্লাহ, ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক রংধনু ফিলিং স্টেশন, বালুয়াকান্দি। নজরুল ইসলাম, সহকারী সমাজসেবা অফিসার, সিন্দাবাদ ফিলিং স্টেশন, বালুয়াকান্দি। ইউসুফ আল ফারাবী, উপসহকারী প্রকৌশলী বিএডিসি (ক্ষুদ্রসেচ), ভূইয়া ফিলিং স্টেশন, বালুয়াকান্দি। মো: রাকিব, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার, মেসার্স মা ফিলিং স্টেশন, তেতৈতলা। মো: রফিকুল হাসান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মেসার্স দাউদকান্দি ফিলিং স্টেশন, বাউশিয়া। মো. আব্দুল সামাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, সরদার ফিলিং স্টেশন, বালুয়াকান্দি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে পেট্রোল পাম্পে অনিয়ম, মজুতদারি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


