প্রধানমন্ত্রীর সৌজন্যতায় মুগ্ধ সবাই, বিরোধীদলীয় নেতাকে পথ এগিয়ে দিলেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে এক সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

জানা যায়, এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন উভয় নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে হাঁটতে থাকেন। এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাঁকে তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এই সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন।

এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ের দিকে কিছুটা পথ এগিয়ে দেন, যা সবার দৃষ্টি কাড়ে। উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা ও শিষ্টাচারের প্রশংসা করেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখিয়ে থাকেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা সাধারণ মানুষকে মুগ্ধ করেছে। আজকের এই আচরণের মাধ্যমেও তিনি তাঁর স্বাভাবিক সৌজন্যবোধের বহিঃপ্রকাশ ঘটালেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন