কিশোরগঞ্জের কটিয়াদীতে পেট্রোল পাম্পে জ্বালানীর জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন।এতে করে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মোটরসাইকেল চালক।
শনিবার (২৮ মার্চ) সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন খান এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায় দেখা যায় এমন দৃশ্য। পেট্রোল সংগ্রহের আশায় হাজার হাজার মোটরসাইকেল চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে।
সকাল থেকেই চালকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই পেট্রোল সংগ্রহ করতে পারেননি। এতে করে সাধারণ যাত্রী ও পেশাজীবী চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় সাংবাদিকদের কয়েক মোটরসাইকেল চালক জানান, সকালে এসে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু এখনো পেট্রোল পাইনি। কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। তারা বলেন, প্রতিদিনই এমন ভোগান্তি হলে তাদের চলাচল করা কঠিন হয়ে পড়বে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় চাহিদার তুলনায় পেট্রোল কম পাওয়া যাচ্ছে। ফলে সবাইকে জ্বালানি দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে হঠাৎ করে জ্বালানি সংকটের কারণে কটিয়াদীর বিভিন্ন এলাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। সাধারণ মানুষ দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে এই ভোগান্তি আরও বাড়বে এবং জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।


