মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে শ্রমিক সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সকল শ্রমিক অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম চত্বরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সিয়াম।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান সিয়াম আগামী পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তার এ ঘোষণায় উপস্থিত শ্রমিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে তাকে সমর্থন জানান। এ সময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আগামী নির্বাচনে তার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ শাহিনুর আলম (শাহিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির রুবেল।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ গিট্টু। অনুষ্ঠানে দৈনন্দিন শ্রমিক দল, ভ্যান শ্রমিক দল, মুচি শ্রমিক দল, কুলি শ্রমিক দল এবং উপজেলা শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা এবং পার্বতীপুর পৌরসভার সার্বিক উন্নয়নে তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই।”
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সাধারণ শ্রমিক ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমন, রাকিব, মনু, বাবু ও পারভেজসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন