২৯টি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সহশিক্ষা ও ক্রীড়া চর্চার একমাত্র ভরসা খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় খেলার মাঠ। তবে বছরের একটি বড় অংশ জলাবদ্ধতার কারণে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ে থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আসন্ন ‘ইন্টার-ডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট’কে সামনে রেখে প্রয়োজনীয় অনুশীলন সুবিধা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ ওমর ফারুক।
শিক্ষার্থীদের অভিযোগ, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় টানা কয়েক মাস মূল মাঠে ক্রীড়াচর্চা ব্যাহত হয়। বিকল্প হিসেবে অস্থায়ী মাঠে টুর্নামেন্টের খেলা আয়োজন করা গেলেও, ২৯টি ডিসিপ্লিনের বিশাল সদস্যসংখ্যার নিয়মিত অনুশীলনের জন্য তা অপ্রতুল। ফলে বাধ্য হয়েই অনেক ডিসিপ্লিনকে ক্যাম্পাসের বাইরের মাঠে গিয়ে অনুশীলন চালাতে হচ্ছে।
মাঠের বর্তমান অবস্থা ও সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থী মোঃ ওমর ফারুক বলেন—
”ক্যাম্পাসে নতুন মাঠ তৈরির মতো অতিরিক্ত জায়গার সীমাবদ্ধতা আমরা অনুধাবন করি। কিন্তু বিদ্যমান মাঠটিকে পরিকল্পিতভাবে সংস্কার করা প্রশাসনের সদিচ্ছার বিষয়। বালু ভরাট করে মাঠ কিছুটা উঁচু করা, আধুনিক ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ খুব বেশি দুরূহ কাজ নয়। শুধু আনুষ্ঠানিক টুর্নামেন্ট আয়োজন নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রশাসন স্থায়ী পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।”
শিক্ষার্থীরা মনে করেন, নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক প্রফুল্লতা ও ইতিবাচক পরিবেশ বজায় থাকে। তাই বছরের পর বছর আশ্বাসেই সীমাবদ্ধ না থেকে দ্রুততম সময়ে একটি টেকসই পরিকল্পনার মাধ্যমে কেন্দ্রীয় মাঠটিকে সারা বছর ব্যবহারযোগ্য করে তোলার আহ্বান জানিয়েছেন তারা।


