শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, কারখানা সিলগালা

মানিকগঞ্জের শিবালয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানকারী দল। এ ঘটনায় ‘মেসার্স বিউটি টোবাকো কোম্পানি’ নামের একটি সিগারেট কারখানা সিলগালা করেছে কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ।
বুধবার (১৩আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানাধীন ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিবি ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান চালান। এতে নেতৃত্ব দেন জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (শিবালয় সার্কেল) মো. আলমগীর মনসুর।
অভিযানকারী দল জানায়, নিবন্ধিত পণ্যের আড়ালে অননুমোদিত পণ্য প্রস্তুত করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নকল ব্যান্ডরোলের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কারখানা থেকে ৩৭ কার্টুন নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ হাজার শলাকা হিসেবে মোট ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।
ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ‘মেসার্স বিউটি টোবাকো কোম্পানি’ কারখানাটি সিলগালা করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বছরের অর্ধেক সময়ই অচল ধানুয়া কামালপুর স্থলবন্দর রাজস্ব হারাচ্ছে সরকার, কর্মহীন ৮ হাজার শ্রমিক-ব্যবসায়ী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর যেন এখন অস্তিত্ব সংকটে।