রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার একদিন পর মাহবুল (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (তারিখ) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি রাস্তার পাশের ঝোপ থেকে মাহবুলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহবুল উপজেলার গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে মাহবুল তার অটোরিকশা নিয়ে দুই যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার দুপুরে স্থানীয় লোকজন রাস্তার পাশের ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে সেটি মাহবুলের বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় পুলিশ মো. নাঈম ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ছিনতাইকৃত অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা