মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৬ মার্চ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) পার্বতীপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, পার্বতীপুর-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুরের ফিল্ড সুপারভাইজার জনাব শামসুদ্দোহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোঃ মশিউর রহমান, জিসি মোহাম্মদ আনিসুর রহমান এবং মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকা, আলেম-উলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


