রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে ঘুষ গ্রহণের অভিযোগে অডিট কর্মকর্তা আটক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা হিসাবরক্ষণ অফিসের সদ্য পদায়নপ্রাপ্ত অডিট কর্মকর্তা হৃদয় মিয়া ঘুষ গ্রহণের অভিযোগে হাতেনাতে আটক হওয়ার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রোববার (২১ জুন) সকালে ভৈরব উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের অর্থ উত্তোলন ও সংশ্লিষ্ট ফাইল প্রক্রিয়াকরণের বিষয়ে ঘুষের টাকা লেনদেনের সময় হৃদয় মিয়াকে হাতেনাতে ধরা হয় । পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদকে জানানো হলে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিভিন্ন ফাইল অনুমোদন ও নিষ্পত্তির জন্য অর্থ দাবি করা হচ্ছিল। এ বিষয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার বলেন, ২১টি ফাইলের বিপরীতে মোট ২১ হাজার টাকা দাবি করা হয়েছিল। ওই দাবির অংশ হিসেবে তিনি রোববার সকালে ৭ হাজার টাকা প্রদান করেন এবং তখনই ঘটনাটি সামনে আসে। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অডিট কর্মকর্তা হৃদয় মিয়া। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। তার দাবি, অফিসে প্রবেশের সময় হাতমেলানোর মাধ্যমে তার হাতে টাকা ধরিয়ে দেওয়া হয় এবং পরে সেটিকে ঘুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি কোনো ধরনের অনিয়ম বা অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন। ঘটনার বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সোহেল মিয়া বলেন, তিনি সম্প্রতি এই উপজেলায় দায়িত্ব নিয়েছেন। অভিযোগের বিষয়টি জেনেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফাইল অনুমোদন ও স্বাক্ষরের বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যাচ্ছিল। সর্বশেষ এ ঘটনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা