রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ভৈরবে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আগামী ২৮ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভৈরব পৌরসভার উদ্যোগে আব্দুল আজিজ পৌর মাতৃসদনে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভৈরব পৌরসভার প্রশাসক কে.এম. মামুনুর রশীদ। তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও অপুষ্টিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে ভিটামিন এ ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি পৌরসভার সকল ওয়ার্ডে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে নির্ধারিত বয়সী শিশুদের কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী কোনো শিশু যেন ক্যাম্পেইনের আওতার বাইরে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, পৌর এলাকার ১২টি ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে পৌর এলাকার বিভিন্ন কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় ভৈরব পৌরসভা এলাকার সম্মানিত অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন তাদের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নিকটস্থ ভিটামিন এ কেন্দ্রগুলোতে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা