দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— মোঃ রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালু (৫০), পিতা: মৃত জবান আলী, গ্রামের বাড়ি চকপাড়া; মোঃ ইমদাদুল হক (৫৬), পিতা: মৃত এন্তাজ উদ্দিন, গ্রামের বাড়ি পূর্ব জগন্নাথপুর; এবং লোচমান রবি দাস, পিতা: মৃত নথুরাম রবি দাস, মাতা: মৃত মৌলি রানী, গ্রামের বাড়ি চকবসন্ত (সোটাপীর কাচারী), থানা বিরামপুর, জেলা দিনাজপুর।
সোমবার (২৯ জুন ২০২৬) তাদের নিজ নিজ বসতবাড়ির সামনে থেকে রিয়াজুল ইসলাম ও ইমদাদুল হকের কাছ থেকে ২০ পিস করে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং লোচমান রবি দাসের কাছ থেকে ৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে একই দিনে মোঃ রতন, পিতা: বাবু হোসেন, সাং: কলেজপাড়া, থানা বিরামপুর, জেলা দিনাজপুরকে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


