নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক এলাকার অসুস্থ, অসহায় ও দুস্থ মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মোট ১১ জন অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:
মোঃ জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), পোরশা থানা।
আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি।
মোঃ সাদিকুল ইসলাম সাদেক, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি।
এছাড়াও পোরশা স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,
”বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার সদা সচেষ্ট। ভবিষ্যতেও এই ধরনের আর্থিক সহায়তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য প্রদান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে নিজ নিজ অনুদানের চেক তুলে দেন। চেক হাতে পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


