মঙ্গলবার,৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
দিবসের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওয়াদুদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে পর্যায়ক্রমে পার্বতীপুর প্রেসক্লাব, পার্বতীপুর রেলওয়ে থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উপলক্ষে উপজেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধভিত্তিক কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্বতীপুরে এক উৎসবমুখর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন