যুবসমাজকে খেলাধুলামুখী করে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রত্যয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচণ্ডী ইউনিয়নে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ক্রীড়াবিদ, তরুণ, অভিভাবক, সুধীজন এবং সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। ফুটবল বিতরণের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব, যুবসমাজের নৈতিক বিকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ মাহফিজুল ইসলাম মাসুম। প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা কমিটির আহ্বায়ক মোঃ ওয়াহেদুল ইসলাম, পার্বতীপুর পৌর কমিটির আহ্বায়ক কাজী মহিদুল ইসলাম মাসুদ, উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ শওকত মাহমুদ এবং পৌর কমিটির সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ শামসুজ্জোহা। সঞ্চালনায় ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি। মাঠমুখী তরুণরাই একটি শক্তিশালী, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, পার্বতীপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ মশিউর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল খালেক।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী তরুণরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার সুযোগ বৃদ্ধি পেলে যুবসমাজ আরও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ হবে।


