রবিবার,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে ‘মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের’ দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে দায়ের হওয়া একটি হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর অভিযোগ তুলে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর এলাকায় আয়োজিত মানববন্ধনে নুরজাহানপুর ও বড়িকান্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এদিকে বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি বড়বাড়ি এলাকার মোস্তাক আহমেদের ছেলে রিফাত গত ১৪ জুন রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। পরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৮ জুন রিফাতের স্বজনদের পক্ষ থেকে নবীনগর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলায় নুরজাহানপুর গ্রামের মৃত সুদন মিয়ার ছেলে মুন্নাফ ওরফে মনেক মিয়া (৫৪), তার দুই ছেলে সুমন মিয়া (২৯) ও রোমনা মিয়া (২৬)সহ কয়েকজন নিরীহ ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল বাতেন, খাদিজা আক্তার, আমেনা বেগম এবং মামলার অভিযুক্ত মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন নাছির মিয়া, দেলু মেম্বার, শিপন মেম্বার, সোহাব আলী সরদার, খাদিজা আক্তার, আমেনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দাবি করেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানো হয়েছে। তারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিদ্যমান রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “আমরা চাই প্রকৃত ঘটনা উদঘাটন হোক। কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন বিচারের মুখোমুখি হয়।”

এ সময় তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং মামলায় নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন যে, গত বছরের ১ নভেম্বর গণীশাহ মাজার সংলগ্ন এলাকায় সংঘটিত শিপন হত্যা মামলার সুষ্ঠু বিচার এখনও হয়নি। ওই ঘটনার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের যোগসূত্র থাকতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নবীনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা