ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন (পার্বতীপুর ও ফুলবাড়ী) থেকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিএনপির চেয়ারপারসনের আইন উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার কামরুজ্জামান বর্তমানে দিনাজপুর-৫ আসনে নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তার নির্বাচনী অঙ্গীকার, আচরণবিধি প্রতিপালন, গণভোট এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেন। সাক্ষাৎকার গ্রহণ করেন পার্বতীপুর প্রতিনিধি মো. মহসিন আলী।
উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, নির্বাচিত হলে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি জানান, পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি, কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া কঠিন শিলা খনির কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের অন্যতম বৃহৎ রেলওয়ে জংশন হিসেবে পরিচিত পার্বতীপুর রেলওয়ে জংশন ও রেলওয়ে লোকোমোটিভ কারখানার উন্নয়ন ও আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ফুলবাড়ী উপজেলায় চালকল শিল্প স্থাপনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই উপজেলার পৌর এলাকাকে আধুনিক ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
আচরণবিধি পালনে কঠোর অবস্থান
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, দলের নেতা-কর্মীদের নির্বাচন কমিশনের আইন ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে এবং নির্বাচনকালীন সময়েও এসব বিধি যথাযথভাবে অনুসরণ করা হবে।
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আহ্বান
জুলাই সনদ বিষয়ক গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নেই। জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব রয়েছে এবং জনগণকে সচেতন করতে তারা কাজ করে যাচ্ছেন।
নির্বাচন নিয়ে প্রত্যাশা
আসন্ন নির্বাচন সম্পর্কে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, দীর্ঘ সময় পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। ভোটাররা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আসনের তথ্য
দিনাজপুর-৫ আসন পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪১টি।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
অন্যান্য প্রার্থী
এই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন—
এনসিপির ডা. আব্দুল আহাদ, জাতীয় পার্টির কাজী মো. আব্দুল গফুর, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক, বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু, অ্যাডভোকেট মো. হযরত আলী বেলাল এবং মো. রুস্তম আলী।


