শুক্রবার,৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার সিএনজি ও অটোরিকশা চলাচল বন্ধে কঠোর অবস্থান নিয়েছে হাইওয়ে পুলিশ। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আহ্বান জানানো হচ্ছে।
জানা গেছে, মহাসড়কে দুর্ঘটনা কমানো ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে থ্রি-হুইলার চলাচল নিরুৎসাহিত করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গজারিয়ার ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ নিজেই ঘটনাস্থলে উপস্থিত থেকে চালকদের সরাসরি সতর্ক করছেন এবং আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসি শাহ কামাল আকন্দ প্রতিনিয়ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে থ্রি-হুইলার চালকদের মহাসড়ক থেকে সরিয়ে দিচ্ছেন এবং বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে তিনি চালকদের সচেতন করছেন, যাতে তারা ঝুঁকিপূর্ণভাবে মহাসড়কে প্রবেশ না করেন।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন