জামালপুর ৩৫ বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) সকালে ১০৬৩ নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সময় ইয়াবা চোরাচালানের অভিযোগে মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
এদিকে, রোববার (২ আগস্ট) দিবাগত রাতে বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”


