জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ভৈরব উপজেলায় শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আব্দুল আজিজ পৌর মাতৃসদন কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদ। তিনি শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে এই ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর। তিনি জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের একটি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। এ কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং সেবাদানকারী স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়েছে, যেসব শিশুর বয়স ৬ থেকে ৫৯ মাস, তাদের অবশ্যই নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।


